শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াতকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়া হয়।
তার পুত্র অভিনেতা কাজী মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে আসেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। এসেই তিনি হাসপাতালে যান এবং সার্বক্ষণিক তাদের দেখভাল করছেন।
বাবার শারীরিক অবস্থা সম্পর্কে কাজী মারুফ বলেন, “আসলে বয়স্ক মানুষ তো, করোনার ধকলটা সামলাতে পারছেন না। বাবার অবস্থা এই ভালো এই মন্দ। দোয়া চাই সবার কাছে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।”
সোমবার (২২ মার্চ) সকালে রাজধানীর পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার কর্মকর্তা আকলিমা খানম লিমাও জানান, করোনায় আক্রান্ত কাজী হায়াতের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে সার্বক্ষণিক পরিচর্যায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ০২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন কাজী হায়াত। গত ১০ মার্চ স্ত্রীসহ কাজী হায়াতের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এরপর ১৫ মার্চ তারা হাসপাতালে ভর্তি হন।
এরআগে পরিচালক কাজীয় হায়াত জানিয়েছিলেন, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, হার্টে ১০টি রিং পরানো। এছাড়া তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো রয়েছে এবং তার ডায়াবেটিস রয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাজী হায়াতের বয়স ৭৪ বছর।
এমবি





