ভারতজুড়ে আমির খানের নগ্ন ছবির পোস্টার নিয়ে বিতর্ক চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর আলোচনা-সমালোচনা সবার উপরে। এ বিতর্কের মধ্যেই আমির খানের বিরুদ্ধে মামলা করলেন কানপুরের এক আইনজীবী। মামলায় তার বিরুদ্ধে অশ্লীলতা ও যৌনতা হিংসায় মদদ দেওয়ার অভিযোগ করা হয়েছে।
বলিউডের নামজাদা পরিচালক রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ ছবির পোস্টার প্রকাশ হয়েছে সম্প্রতি। এই পোস্টারকে ঘিরেই যত্রতত্র বিতর্ক।
পোস্টারে নগ্ন শরীরে দাঁড়িয়ে একটি ট্রানজিস্টর হাতে লজ্জা নিবারণের চেষ্টা করছেন আমির। এই ছবিতে আমির অভিনয় করেছেন একজন ভিনগ্রহী বা এলিয়েনের ভূমিকায়। ছবিতে বিনা বস্ত্রেই পৃথিবীতে আগমন ঘটে তার। আমির খান ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত প্রমুখ।
ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। আইনি জটিলতা আমিরকে ঠিক কতটা বিপদে ফেলবে সেটা সময়ই বলে দেবে। সূত্র : জিনিউজ।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





