চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। তাকে অভিনয় করতে দেখা গেছে শতাধিক চলচ্চিত্রে। নিজের কাজের সর্বোচ্চ স্বীকৃতিও পেয়েছেন একাধিক বার।

কিন্তু তাকে অনেক দিন হলো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দেখা মিলছে না। মাঝে মাঝে টেলিফিল্মে কাজ করতে দেখা যায় পপিকে। কয়েকদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।

‘দি আমেরিকান ড্রিম’ নামে এই ছবিতে পপির বিপরীতে অভিনয় করার কথা ছিল সাইমন সাদিকের।

নির্মাতা জসিম উদ্দিনের নিজের লেখা গল্পে ‘বাঁধন’ চরিত্রে অভিনয় করার কথা ছিল পপির। এরইমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়েছে। কিন্তু ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা যাচ্ছে না পপিকে।

কারণ পরিস্কার। পপি এই ছবিতে অভিনয় করছে না। তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাদ দেওয়ার কারণ সম্পর্কে জানা যায়, পপি চুক্তিবদ্ধ হওয়ার আগে যেভাবে কথা দিয়েছিলেন এখন সম্পূর্ণ বিপরীতটাই করছেন। কোনো প্রকার যোগাযোগ রক্ষা করছেন না ইউনিটের সঙ্গে।

এ সম্পর্কে জসিম উদ্দিন বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্র প্রবাসী। এখানে এসেছি কাজ করতে। আমার নিজের লেখা গল্পে ‘দি আমেরিকান ড্রিম’ নামে একটি ছবি নির্মাণ করছি। এই ছবিতে পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। কিন্তু পপির কথা কাজে কোনো মিল পাচ্ছি না। অন্য দিকে তার জন্য অপেক্ষা করতে করতে আমার সময় ফুরিয়ে যাচ্ছে। তাই পপিকে বাদ দিতে বাধ্য হয়েছি। এরইমধ্যে পপির পরিবর্তে আরেকজন নায়িকা নিয়েছি। কিন্তু এখনি তার নাম প্রকাশ করতে চাই না। শুটিংয়ে গেলেই সবাই দেখতে পাবেন।’

উল্লেখ্য, পপি ও সাইমন ছাড়া ছবিটিতে অভিনয় করছেন নির্মাতা নিজেও। তাদের সঙ্গে রয়েছেন আইরিন ও সানজিদা তন্ময়। আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে পুরো ইউনিট। সেখানেই হবে ছবিটির বেশিরভাগ শুটিং।

 এমই