বাংলাদেশের সংগীতের যাদুঘর হিসেবেই অনেকটা পরিচিতি পেয়েছিল রেডিওবিজি২৪.কম। তারপর হঠাৎ ছন্দপতন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ১৬ ডিসেম্বর বিকেল ৪টা থেকে আবারো চালু হয়েছে সংগীত আর্কাইভভিত্তিক বাংলাদেশের সর্ববৃহৎ ওয়েবসাইটটি।

 ইতিমধ্যে সাইটটির সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের সংগীতের অনেক উজ্জ্বল নক্ষত্র। যারা এখানে লিপিবদ্ধ করবেন তাদের ক্যারিয়ারের ইতিহাস, বাংলাদেশ সঙ্গীতের ইতিহাস। সাইটটিতে বাংলাদেশের সকল ধরণের গানের পাশাপাশি এক একটি গানের জন্মের ইতিহাস, গানের পেছনের মানুষদের ইতিহাস, একটি গান বা অ্যালবাম প্রকাশেরপর শ্রোতামহলের স্মৃতিচারণসহ নানা বিষয় সংযুক্ত হবে।

ভিজিটররাও গান নিয়ে তাদের স্মৃতিকথা তুলে ধরতে পারবেন সাইটটিতে। এমনকি তারা গানও আপলোড করতে পারবেন এখানে।

সাইটটির প্রধান উদ্যোক্তা ফজলে এলাহী পাপ্পু জানান, ‘আমাদের সংগীতের ইতিহাস আমাদের রাষ্ট্রের বয়সের চেয়েও অনেক অনেক বেশী। অথচ আমাদের গানের কোন আর্কাইভ নেই। আমরা জানিনা বিখ্যাত এবং জনপ্রিয় গানগুলোর জন্মকথা। বেশীর ভাগ ক্ষেত্রে গানটাই আমরা খুঁজে পাইনা। কিন্তু গানপ্রিয় মানুষ জানতে চায় এই ইতিহাসগুলো, শুনতে চায় গানগুলো। আমাদের স্বপ্ন আমাদের নবীন প্রজন্ম পূর্ববর্তীদের কাছ থেকে জানুক আমাদের সংগীতের সোনালী ইতিহাস, আমাদের অসাধারণ গানের ভান্ডার উন্মুক্ত হোক আমাদের সংগীতকে সমৃদ্ধ করতে।’

সাইটটির সাথে দেশ-বিদেশে অবস্থান করা কিছু তরুণ একত্রিত হয়েছেন সংগীতকে ভালবেসে।

 সম্পাদনা প্যানেলের অন্যতম সদস্য তির্থক আহসান রুবেল বলেন, ‘অডিও অ্যালবাম থেকে সিনেমার গান সবই আমাদের এখানে সংরক্ষিত হবে। তবে পাইরেসীর বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। তাই কোন গানের বয়স কমপক্ষে দশ বছর হলে, তবেই এখানে গানটি আপলোড করা হবে। আমরা দেশেবিদেশে অবস্থান করা আমাদের কিংবদন্তী গানের মানুষদের পাশাপাশি, গান থেকে সরে যাওয়া মানুষগুলোকে খুঁজে বের করে তাঁদের কথাগুলো লিপিবদ্ধ করবো’।

ইতিমধ্যে সাইটটির আর্কাইভ সমৃদ্ধ করতে প্রায় দুই হাজার অডিও ক্যাসেট সংগ্রহ করা হয়েছে। তালিকায় যুক্ত হবে আরো অনেক অনেক সংগ্রহ।

জেআই