ছবি মুক্তি পেতে এখনও অনেক দেরি। কিন্তু তার আগেই শুধু ট্রেলারের অংশবিশেষ প্রকাশ হতেই রেকর্ড গড়লো হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফের নতুন ছবি 'ব্যাং ব্যাং'।
২৩ জুলাই সকাল আটটায় (ভারতীয় সময়) ইউটিউবে ছাড়া হয়েছে ছবিটির ট্রেলারের সংক্ষিপ্ত সংস্করণ। মাত্র একদিনেই ২৪ লাখ বার এটি দেখেছে ইউটিউব ব্যবহারকারীরা। এর মধ্যে ১৩ ঘণ্টাতেই পূর্ণ হয় ১০ লাখের ঘর।
শুধু তাই নয়। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে হৃতিকের সাজগোজ নিয়েও প্রশংসায় ভরে গেছে টুইটার। প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন, সোনম কাপুর, করণ জোহরের মতো বলিউডের অনেকেই প্রশংসা করেছেন।
ইতিবাচক সাড়া পেয়ে অভিভূত হৃতিক টুইটারে লিখেছেন, 'মাত্র ১৩ ঘণ্টায় ১০ লাখ বার 'ব্যাং ব্যাং' ছবির ট্রেলারের অংশবিশেষ দেখলেন সবাই। আমাদের নতুন রেকর্ড গড়তে সহায়তা করলেন আপনারা।'
'জিন্দেগি না মিলেগি দোবারা' মুক্তির প্রায় তিন বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে হৃতিক-ক্যাটরিনা জুটিকে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুক্তি পাবে তাদের 'ব্যাং ব্যাং'। এটি মূলত টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজ অভিনীত হলিউডের অ্যাকশনধর্মী ছবি 'নাইট অ্যান্ড ডে'র রিমেক।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





