জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া প্রায়ই ছোটপর্দায় নিয়মিত অভিনয় করেন। এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।
অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে সাংবাদিকের ভূমিকায় তার অভিনয় করার কথা জানা গেছে।
পার্থ বড়ুয়া জানান, ১২ জুন থেকে ‘আয়নাবাজি’র শুটিংয়ে অংশ নেবেন।
চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘চলচ্চিত্র একটা আলাদা বিষয়। অভিনয়ের জন্য একটা ভিন্ন ধরনের মাধ্যম। অনেকটা সময় নিয়ে চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’
অভিনয় শিল্পী নির্বাচন প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও চমক রাখার চেষ্টা করেছি। আরও বেশ কিছু চমক আছে। দর্শকেরা ছবি মুক্তির আগ মুহূর্ত পর্যন্ত একের পর এক চমক পেতেই থাকবেন।’
৮ জুন থেকে শুরু হবে ‘আয়নাবাজি’র শুটিং। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।
এমকে





