জাজ মাল্টিমিডিয়ার প্রধান হিসাবরক্ষক আবু বকর সবুজ নিখোঁজের ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়ারের স্ত্রী।
শীষ মনোয়ারকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণমাধ্যমে খোলা চিঠিটি পাঠিয়েছেন শীষ মনোয়ারের স্ত্রী রাশেদা সুলতানা রিভা।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যম কার্যালয়গুলোতে পাঠানো এই খোলা চিঠিতে শীষ মনোয়ারের স্ত্রী দাবি করেন, কতিপয় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ও কুচক্রী মহল ষড়যন্ত্র করে অফিসের কর্মচারীকে নিখোঁজ করিয়ে শীষ মনোয়ার এবং জাজ মাল্টিমিডিয়ার সুনাম বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত।
চিঠিতে তিনি লিখেন, সবুজ নিখোঁজের ঘটনায় শীষ মনোয়ারকে মিথ্যা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন কি থানায় ডেকে নিয়ে তার উপর অমানুষিক নির্যাতনও চালানো হয়েছে। অথচ অফিসে আসার পথে কোনো কর্মচারী নিখোঁজ হলে তার দায়-দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার নয়।
চিঠিতে তিনি দাবি করেন, যদি শীষ মনোয়ার কর্মচারী নিখোঁজের ঘটনার সঙ্গে জড়িত থাকতেন, তাহলে কখনো ওসির ফোন পেয়ে থানায় যেতেন না।  
তিনি আরো লিখেন, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুজি না করে শীষ মনোয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা এবং অপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। এ থেকেই ধারণা করা যায়, কোনো মহল এই অফিসের কর্মচারীকে লুকিয়ে রেখে শীষ মনোয়ারকে মিথ্য মামলার জালে ফাঁসিয়েছে।
সবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের চলমান গুম এবং অপহরণের ঘটনায় সত্য উদঘাটনের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

পাশাপাশি নিরাপরাধ একজন নাগরিককে থানায় ডেকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নির্যাতন বন্ধের জন্য দেশী বিদেশী গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের দ্রুত পদক্ষেপ নেযার আহ্বানও জানান তিনি।
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]