আমেরিকার নীল রঙা দুই কাকাতুয়া ব্লু ও জুয়েল নামের একটি পাখির গল্প। রিও ডি জেনিরো মহানগরে তিন সন্তান নিয়ে সুখী জীবনযাপন করছে তারা। তিন সন্তানের সবচেয়ে বড় কার্লা গান ভালোবাসে। মাঝেরটি বিয়া, খুবই বুদ্ধিমতী। আর সবচেয়ে ছোট টিয়াগো।
কিন্তু বদ্ধঘরে আর ভালো লাগছে না জুয়েলের। সে মনে করে, তাদের ফিরে যাওয়া উচিত আমাজন জঙ্গলে, যেখানে তাদের আদি বাস। তিন সন্তানই উল্লাসে ফেটে পড়ে। সদলবলে আমাজনের উদ্দেশে রওনা দেয় তারা। পুরোনো বন্ধু রাফায়েল, পেদ্রো আর নিকোও সঙ্গী হয় তাদের। এই অভিযানে ব্লুকে মোকাবিলা করতে হবে পুরনো শত্রু, প্রথম ছবির ভিলেন কাকাতুয়া নাইজেলের। এটি ‘রিও টু’ ছবির গল্প।
২০১১ সালের মারকাটারি ব্যবসা করা ছবি ‘রিও’র দ্বিতীয় কিস্তি এটি। আগেরটির মতো এটি পরিচালনা করেছেন কার্লোস সালদানহা। ‘আইস এইজ’ সিরিজের ছবি নির্মাণ করে হাত পাকিয়েছেন।
এবারের ছবিতেও ব্লু চরিত্রে জেসি আইজেনবার্গ আর জুয়েল চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। ১০ কোটি ৩০ লাখ ডলার বাজেটের ছবিটি আয় করেছে ৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ২ ঘণ্টা ১৮ মিনিট ব্যাপ্তির ‘রিও টু’ গত ১১ এপ্রিল মুক্তি দিয়েছে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স।
এবার ‘রিও টু’ বাংলাদেশে নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এ ছবির পাশাপাশি আগামী ১২ সেপ্টেম্বর হলিউডের আরেক অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’ মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ২০১০ সালের ব্যবসাসফল ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’-এর মতো এবারের ছবিও পরিচালনা করেছেন ডিন ডেবলয়েজ। ত্রিমাত্রিক প্রযুক্তির এ ছবি মুক্তি পায় গত জুনে। সাড়ে ১৪ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি আয় করেছে প্রায় সাড়ে ৬০ কোটি মার্কিন ডলার।
হলিউডের দুটি অ্যানিমেটেড ছবি একসঙ্গে মুক্তি দেওয়া উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে 'রিও টু'র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় এই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন আমন্ত্রিত অতিথিরা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম ,জেআই





