করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (০৪ জুলাই) রোববার ভোররাত ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ফজল-এ-খোদার বয়স হয়েছিল ৮১ বছর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো। গীতিকার কবির বকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গীতিকারের ছেলে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ওয়াসিফ-এ-খোদা তার মা এবং স্ত্রীও করোনা আক্রান্ত। এর মধ্যে তার মা করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি।

গীতিকার ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন। তার তিন ছেলে, সবাই ঢাকাতেই থাকেন।

তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

এমবি