স্বনামধন্য অডিও প্রতিষ্ঠান এবার বাজারজাত করছে ৭১টিভি'র ৮টি প্রামাণ্যচিত্র।                   

 মঙ্গলবার রাতে বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেক্স-এ অনুষ্ঠিত ৮টি প্রামাণ্যচিত্রের ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।

 প্রামাণ্যচিত্রগুলো হলো শবনম ফেরদৌসীর শহরকাব্য ও বিষকাব্য, ব্রাত্য আমিনের পতাকা ও হেফাজতনামা, পলাশ রসুলের বাংলা নামে দেশ, ফরিদ আহমেদের হরতালনামা, এবং তাসমিয়াহ্ আফরিন মৌয়ের পরিচালনায় টোকাই।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, ৭১ টিভি'র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানসহ আরও অনেকে।

 ড. আনিসুজ্জামান বলেন, গা ভাসানোর এই সময়ে সবাই যখন নাটক ও বাণিজ্যিক সিনেমা বানাচ্ছে, তখন প্রামাণ্যচিত্র নির্মাণ ও পৃষ্ঠপোষকতা করাটা অনেক সাহসের ব্যাপার।

 আরিফুর রহমান বলেন, আমরা এর আগেও প্রামাণ্যচিত্রের ডিভিডি প্রকাশ করেছি, ভবিষ্যতেও করবো। আমরা ব্যতিক্রমী কাজের সঙ্গে থাকতে চাই।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই