রোহিত শেঠির সিংহাম রিটার্নস সাফল্যের জোয়ারে ভাসছে। সিনেমাটি গত তিনদিনে ব্যবসা করেছে ৭৭.৬৪ কোটি রুপি। তবে এ নির্মাতা আরও বড় চমক দেখাতে চান। তিনি বলিউডের সফলতম জুটির অন্যতম শাহরুখ খান ও কাজলকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন।
রোহিত শেঠির একটি ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, রোহিত তার পরের সিনেমাটি তৈরি করবেন শাহরুখকে নিয়ে। আর এই সিনেমায় কেন্দ্রিয় নারী চরিত্রের জন্য কাজলকে চুক্তিবদ্ধ করানোর প্রক্রিয়া শুরু করেছেন। এরই মধ্যে এই সিনেমাটির প্রিপ্রডাকশনের কাজ শুরু করেছেন এই হাইপ্রফাইল নির্মাতা। এবং শিগগিরি সিনেমাটির অফিসিয়াল ঘোষণাও দিবেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছেন এরই মধ্যে ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত হয়েছে। ছবিটির কাজ শুরু হতে পারে ২০১৫-এর মার্চের শেষ সপ্তাহ থেকে। ছবিটির জন্য নাকি কাজলকে কেন্দ্রিয় নারী চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করানোর সকল প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আর এই কাজে রোহিত শেঠিকে সাহায্য করছেন কাজলের স্বামী অজয় দেবগন। তিনি শাহরুখকেও ছবিটিতে অভিনয়ের জন্য রাজি করাতে মধ্যস্থতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ ২০১০ সালে কাজল-শাহরুখ জুটিকে এক সঙ্গে দেখা গেছে 'মাই নেম ইজ' খান ছবিতে।
তবে এ বিষয়ে কাজল ও রোহিত শেঠির কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





