তানজিম ও সাইমুন দুই বন্ধু। তারা দুজন মিলে টেলিফিল্ম নির্মাণের জন্য প্রডিউসার খুঁজতে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যায়। সেই অফিসের বিজনেস অ্যান্ড মিডিয়া অফিসার হিসেবে চাকুরি করেন দিয়া নামের একটি মেয়ে।
মজার ব্যাপার হচ্ছে- আগের দিন রাতে এ মেয়েটিকে স্বপ্নে দেখেছে তানজিম। স্বপ্নের মেয়েটিকে বাস্তবে দেখে অবাক হয়ে যায় সে। স্বপ্ন আর বাস্তবে দেখা দিয়াকে ফেসবুকে খুঁজে বের করে তানজিম। অতঃপর বন্ধুত্ব এরপর ঘনিষ্ঠতা।
এদিকে দিয়া প্রেমিকের উপর রাগ করে ক্ষোভে পরিবারের পছন্দের এক কর্পোরেট ধনাট্য ব্যবসায়ীকে বিয়ে করে। কিন্তু নেশাগ্রস্থ ও অত্যাচারী এ স্বামীর সঙ্গে তার সংসার স্থায়ী হয় না। তাই নিজেই নেমে পড়েন জীবিকার সন্ধানে। ঘটনাচক্রে তানজিম বোঝাতে চেষ্টা করে সে দিয়াকে ভালোবেসে ফেলেছে। কিন্তু দিয়া ব্যাপারটা মেনে নিতে পারে না। এভাবেই এগিয়ে গেছে 'দ্য ড্রিম' শিরোনামের টেলিফিল্মের গল্প।
এ গল্পের তানজিম চরিত্রে অভিনয় করেছেন- নিশো। ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, সাদিয়া ইসলাম মৌ, নীরব খান, রামিসা, শাহরুখসহ আরো অনেকে। শাহরুখ ইমতেহানের প্রযোজনায় টেলিফিল্মটি খুব শিগগিরি কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
ইআর





