পপ গানের সম্রাট আজম খান পরপারে চলে গেছেন ২০১১ সালের ৫ জুন। যেখান থেকে তিনি আর ফেরবেন না। এভাবেই কেটে গেল ৪টি বছর। বাংলা পপসঙ্গীতে নতুন ধারা সৃষ্টি করা এ ব্যক্তিত্বকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভক্ত ও কাছের মানুষেরা।
এবারের প্রয়াণ দিবসে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’ এ অতিথি হয়েছেন আজম খানের বড়ভাই ও খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্ব আলম খান। পপগুরু সম্পর্কে তিনি বলেছেন জানা-অজানা অনেক কথা।

বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শুক্রবার সকাল সাড়ে ৮টায়।
অন্যদিকে আজম খানের স্মরণে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট ‘আপন জুয়েলার্স মিউজিক স্টেশন’ এ পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ফিডব্যাক।

এ সম্পর্কে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের (বাবু) বলেন, ‘পপগুরু আজম খান ছিলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। ব্যান্ড সঙ্গীতে যে জোয়ার সৃষ্টি করেছিলেন তা আজো অব্যাহত আছে। ব্যক্তিগতভাবে পপগুরুর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অনেক মধুর। দীর্ঘ সময় কাটিয়েছি এ গুণধর ব্যক্তির সঙ্গে। তাই আরটিভির মিউজিক স্টেশনে তাকে স্মরণ করেই আমরা গাইব।’
এমকে





