বলিউড সুপার স্টার সালমানের বহুল প্রতিক্ষীত সিনেমা বাজরাঙ্গি ভাইজান। বিভিন্ন কারণেই বেশ আলোচিত সিনেমাটি। এদিকে অন্য এক দিক থেকেও স্মরণীয় হয়ে থাকবে এ সিনেমা। কারণ এ সিনেমার কারণে সম্পর্কটা আরো মজবুত হলো বলিউডের তিন খান শাহরুখ, আমির এবং সালমানের।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সালমান খানের পরবর্তী বাজরাঙ্গি ভাইজান সিনেমার ফাস্ট লুক। স্বয়ং শাহরুখ এবং আমির তাদের টুইটার বার্তায় প্রকাশ করেছেন সিনেমাটির লুক।
পাশাপাশি সিনেমাটির জন্য জানিয়েছেন শুভকামনা। এর আগে এই তিন খানের মধ্যে একে অপরের প্রচারণায় এমন দৃষ্টান্ত দেখা যায়নি।
শাহরুখ তার টুইটার বার্তায় লিখেছিলেন, ‘আমি মনে করি একজন হিরো হওয়ার চেয়ে সবার ভাইজান হওয়াটা অনেক বড়। ‘ভাইজান’ আসছেন ২০১৫ সালের ঈদে। ‘ফাস্ট লুক’টি কেমন লাগছে?’
অন্যদিকে আমির খানের টুইট যেখানে রীতিমতো অমাবস্যার চাঁদ, সেখানে এ তারকাও সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমার ফাস্ট লুক তার ভক্তদের জন্য টুইট করেছেন। ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘শিগগিরি আসিতেছে’।
এদিকে দুই খানের টুইটে স্বাভাবিকভাবেই বেশ খুশি সালমান। তাইতো এ তারকা তাদের ধন্যবাদ দিতেও ভোলেননি। টুইটারে আমির এবং শাহরুখকে উদ্দেশ্য করে একটি বার্তায় জানিয়েছেন ধন্যবাদ।
বলিউডের ‘ভাইজান’ সালমান তার টুইটার বার্তায় লিখেছেন, ‘শাহরুখ এবং আমিরকে বাজরাঙ্গি ভাইজান সিনেমার ফাস্ট লুক প্রকাশের জন্য ধন্যবাদ। অনেক আন্তরিকতা এবং আনন্দ অনুভব করছি। সৃষ্টিকর্তা তাদের এবং তাদের ভক্তদের সব সময় আনন্দে রাখুক।’
এমকে





