কারিনা কাপুর অন্ত্বসত্তা - সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর এমন গুঞ্জন শোনা যাচ্ছিল মুম্বাই সিনেপাড়াজুড়ে। কিন্তু এ বিষয়ে যাবতীয় খবরকে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। জানালেন, আগামী দুই বছরের মধ্যে মা হওয়ার কোন ইচ্ছা নেই তার।

বিজয় নামবিয়ারের ‘দো’, সুজয় ঘোষের ‘দুর্গা রানি সিং’, প্রভু দেভার ‘সিং ইজ ব্লিং’- এমন বেশ কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন বেবো।

কারিনা বলেন, “২০১৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান খানের বিপরীতে আমার ‘বাজরাঙ্গি ভাইজান’। আমি যদি সত্যিই অন্তসত্ত্বা হতাম, তাহলে কি কবির খানের এই সিনেমায় চুক্তি সই করতাম? আমি একজন দায়িত্বশীল অভিনেত্রী। আমি বুঝি না, যখনই কোন বিবাহিত অভিনেত্রী কোনো সিনেমা ফিরিয়ে দেন, তখনই কেন তার অন্তসত্ত্বা হওয়া নিয়ে গুজব ছড়াবে?”

তিনি আরও বলেন, “সাইফ এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী দুই বছরের মধ্যে বাচ্চা নয়। এই মুহূর্তে আমরা আমাদের ক্যারিয়ারের প্রতিই বেশি মনোযোগী। যখন সময় হবে, সন্তান তখনই আসবে। আর তখন আমার জীবনের পুরোটা জুড়েই থাকবে আমাদের সন্তান।”

সাইফ আলি খানের সঙ্গে বিবাহিত জীবনের দুই বছর হতে চললেও কিছুদিন আগেই সংসার ভেঙেছে তার বোন কারিশমা কাপুরের। শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে আবারো ঘর বাঁধতে চলেছেন লোলো।

এই খবেরকেও নাকচ করে দিয়ে কারিনা বলেন, “লোলো আর কখনোই বিয়ে করবে না। ওকে একা থাকতে দিন। এই মুহূর্তে ও খুব কষ্টকর একটা সময় পার করছে।”

বোনের জীবনে দুঃসময় চললেও ননদ সোহা আলি খান কিছুদিন আগেই বাগদান সেরেছেন প্রেমিক কুনাল খেমুর সঙ্গে। কারিনা চাইছেন শিগগিরই বিয়ের কাজটাও তারা সেরে ফেলুক।“আশা করছি তারা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবে। পরিবারে আরেকটা বিয়ে হোক, এটাই আমার চাওয়া। আমি চাই পার্টি করতে, নাচানাচি করতে। আর সোহার মুখে হাসি ফোটাতে পারে কুনাল; তাই ওরা সোনায় সোহাগা।”

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই