সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একতা জানান, 'মান্যতা বৌদি এবং সঞ্জয় দা আমারই পরিবারের একজন। টাকার থেকেও ব্যক্তিগত সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। খুব তাড়াতাড়িই আমরা সঞ্জয়ের সঙ্গে কাজ করব।'

সঞ্জয় দত্ত নাকি একতার কাছ থেকে বালাজীর একটি ছবিতে অভিনয় করবেন বলে অগ্রিম নিয়েছিলেন। সেই মতো ছবির চুক্তিপত্রেও সাক্ষর করেছিলেন। কিন্তু তারপরই দুর্ভাগ্যক্রমে মুম্বাই বিস্ফোরণ মামলায় যুক্ত থাকার অপরাধে জেলে যান। তাই অনেক ছবিই অসম্পূর্ণ থেকে গিয়েছিল। জেল থেকে বেরিয়ে এসেও কিছু ছবির শুটিং শেষ করে গিয়েছিলেন সঞ্জয়।

কিন্তু একতার অভিযোগ ছিল তার একটি ছবিতে কাজ করবেন বলে সঞ্জয় টাকা নিয়েও কাজ তো করেননি, টাকাও ফেরত দেননি। এই ভিত্তিতে একতা সঞ্জয়ের স্ত্রী মান্যতার কাছে টাকা চান। তাতে কাজ না হলে মান্যতার বাড়িতে সঞ্জয়ের নামে আইনি নোটিশ পৌঁছায়। কিন্তু এটা নাকি আদৌ ঘটেনি। এমনটাই দাবি একতা কাপুরের।

এদিকে একতার এই প্রতিক্রিয়া জানতে পেরে মান্যতা জানিয়েছেন, 'আমাদের মধ্যে তো ভালোই সম্পর্ক ছিল। সংবাদ মাধ্যম কোথা থেকে এসব গল্প বানাল জানি না।'

তবে কি আপনারা আইনি নোটিশ পাননি? সে প্রসঙ্গ এড়িয়ে যান মান্যতা।

জেআই