টানা ১০০ কোটি রুপির ছয়টি ছবি, তবু আমির খান ও শাহরুখ খানের চেয়ে পিছিয়ে ছিলেন সালমান খান। কারণ তার ঝুলিতে ছিল না ২০০ কোটি রুপির কোনো ছবি। অবশেষে সেই অভিজাত ক্লাবের স্বাদ পেলেন তিনি। তার ঈদের ছবি ‘কিক’-এর আয় ছাড়িয়ে গেছে ২০০ কোটি রুপি।
এর আগে এই ক্লাবের সদস্য হয়েছে আমিরের ‘ধুম থ্রি‘, ‘থ্রি ইডিয়টস’ ও শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’। তাই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সালমানকে অভিনন্দন জানাতে একটুও দেরি করেনি তার ভক্তরা। এই মাইলফলক স্পর্শ করায় তাকে একটি নতুন রোলস রয়েস গাড়ি উপহার দিচ্ছেন ‘কিক’-এর পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা।
এতো গেলো ভারতের কথা। বহির্বিশ্বে ভারতের সেরা দশ ব্যবসাসফল ছবির তালিকা থেকে শাহরুখের ‘ওম শান্তি ওম’কে হটিয়ে ঢুকে পড়েছে ‘কিক’। তালিকায় এর অবস্থান এখন ষষ্ঠ। শাহরুখের ‘যব তাক হ্যায় জান’, সালমানের ‘দাবাং টু’ ও রণবীর কাপুরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’কেও ছবিটি পেছনে ফেলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ভারত ও বাইরের দেশের মোট আয়ের পরিমাণ ৩১৩ কোটি রুপি। শিগগিরই সালমানের ‘এক থা টাইগার’-এর ৩১৯ কোটি রুপি আয়ের ঘর পেরিয়ে যাবে ‘কিক’। এর সামনে শুধু চারটি ছবি- ‘ধুম থ্রি’, ‘কৃষ থ্রি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘থ্রি ইডিয়টস’।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





