চলতি বছরের পহেলা বৈশাখে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় মিশ্র গানের অ্যালবাম শুধু ভালবাসা। এখানে গান করেন চলতি সময়ের ১৫ জন তারকা শিল্পী।
অ্যালবামের বেশ কিছু গান ইতিমধ্যে ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে বেলাল খান ও আনতারার গাওয়া মেঘ বরষা অন্যতম। গানটির সুর করেন বেলাল এবং সংগীতায়োজন করেন জে কে। এবার এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হলো। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। এফ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাজহারুল ইসলাম খোকন। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আলভি মামুন ও স্বপ্না আজমী। মডেলদের পাশাপাশি গানটিতে পারফর্ম করতে দেখা যাবে বেলাল ও আনতারাকেও।
আসছে রোজার ঈদ উপলক্ষে কিছুদিনের মধ্যেই মিউজিক ভিডিওটি সবকটি চ্যানেলে প্রকাশ করা হবে। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, মেঘ বরষা করার পর থেকে অনেক প্রশংসা পেয়েছি। অডিওর পর এবার মিউজিক ভিডিওটি প্রকাশ পেলো। আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। আনতারা বলেন, বেলাল ভাইয়ার সঙ্গে এটি আমার গাওয়া প্রথম গান। বেশ ভাল রেসপন্স পাচ্ছি। গানটি এবার ভিডিও আকারে রিলিজ হচ্ছে। আমার মনে হয় ভাল লাগবে সবার।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





