আমির খানের নতুন ছবি ‘পিকে’র পোস্টারকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। পোস্টারে নিজের নগ্ন উপস্থিতির কারণে হাসির পাত্র হওয়ার পাশাপাশি মামলার গ্যাড়াকলেও পড়েছেন তিনি। এবার অভিযোগ উঠেছে, পর্তুগিজ গানের একটি অ্যালবামের প্রচ্ছদ নকল করে তৈরি হয়েছে ‘পিকে’র পোস্টার।

‘পিকে’র পোস্টারে দেখা যায়, আমির খান নগ্ন অবস্থায় সত্তর দশকের একটি টেপ-রেকর্ডার হাতে দাঁড়িয়ে আছেন রেললাইনের ওপর। ১৯৭৩ সালে বিখ্যাত পর্তুগিজ সঙ্গীতশিল্পী কুইম ব্যারেইরস নিজের অ্যালবামের প্রচারণার জন্য প্রায় একইরকম একটি পোস্টার তৈরি করেছিলেন। ওই পোস্টারের সঙ্গে ‘পিকে’র পার্থক্য শুধু রেলপথ। কুইমও নগ্ন অবস্থায় একটি অ্যাকর্ডিয়ন হাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন।

এ প্রসঙ্গে ‘পিকে’ টিম কোন মন্তব্য রাখতে রাজি হয়নি। তবে, সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, মিউজিক অ্যালবমটির পোস্টারের অনুপ্রেরণা দেখা গিয়েছে ‘পিকে’তে, কিন্তু নকল করা হয়নি।

এর আগে আমিরের ‘ধুম থ্রি’র বিরুদ্ধে ‘ডার্ক নাইট’ ছবির পোস্টার নকলের অভিযোগ উঠেছিল। এ কারণে নিন্দুকেরা বলাবলি করছেন, শুধু অভিনয়ই নয়, নিখুঁতভাবে নকলও করতে ওস্তাদ আমির!

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই