ঈদের একটি নাটকের শুটিং করতে গিয়ে দেড়শটি মরিচ খেলেন মোশাররফ করিম। নাটকের নাম ‘সেই রকম ঝালখোর’। আশরাফুল চঞ্চল-এর রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন ভাবনা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাশাররফ করিম বলেন, এই নাটকের শুটিং করতে গিয়ে দেড়শটি মরিচ খেতে হয়েছে। শুটিংয়ের সময় ঝালে চোখে পানি এসে গিয়েছিল। শর্টের শেষে চিনি ও পানি খেয়ে কিছুটা ঝাল কমেছে বটে, কিন্তু এরপর কয়েকদিন মুখে ঝালের ভাবটা ছিলই।
এই নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, মোশাররফ ভাইয়ের মরিচ খাওয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম তিনি আবার অসুস্থ হয়ে পড়েন কিনা। নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। আর আমিও চেষ্টা করেছি ভাল অভিনয় করার।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, গত ঈদে ‘সেই রকম চা-খোর’ নাটকে মোশাররফ করিমকে কয়েকশ কাপ চা খেতে হয়েছিল। এবার তিনি খেলেন মরিচ। আশা করি, গত ঈদের ‘সেই রকম চা-খোর’ নাটকের মতো এবার দর্শক ‘সেই রকম ঝালখোর’ নাটকটিও পছন্দ করবে।
ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





