বৃষ্টি নিয়ে রোমান্সের কোনো শেষ নেই।জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম জানালেন আরো গভীর রোমান্সের কথা।                

 বৃষ্টি আমাদের অন্য দুনিয়ার মুখোমুখি করে। পৃথিবীর চেহারাটাই চেঞ্জ করে দেয়। আমাদের চিরচেনা যে রঙ সেটা আর থাকে না। বৃষ্টির জাদুটা এই জায়গায়। আমাদের মনকে অন্য রকম করে তোলে, রোমান্টিক করে তোলে। বৃষ্টির সাথে তাই মেশাটাই আমার কাছে রোমান্টিক বলে মনে হয়। কখনো বৃষ্টিকেই প্রেমিকা বলে মনে হয়, আমি বৃষ্টিকে উপভোগ করি এভাবেই।

ব্যক্তিগত জীবনের রোমান্টিকতার কথা বললে মনে হয় বৃষ্টির দিনে একটা রিকশা কিনে ফেলবো। রিকশা করে আমি এবং আমার স্ত্রী ঘুরবো। বৃষ্টির অত্যাচারের সহায়তায় পরস্পরের ঘনিষ্ঠতা আরো বেড়ে যাবে। এরকম অনেক স্মৃতি আছে, তুমুল বৃষ্টির ভেতর দুজন রিকশা করে যাচ্ছি। বৃষ্টির ছাট থেকে পরস্পরকে বাঁচাবার যে চেষ্টা, এটা টাকা দিয়ে কেনা যায় না। আর শৈশব কৈশোরের স্মৃতিটাই অন্যরকম। নিজেকে এবং বৃষ্টিকে নিয়ে যে মাখামাখি তা আসলে কৈশোরেই সম্ভব হয়েছে। স্কুল থেকে ফেরার পথে ইচ্ছে করেই আছাড় খেতাম। ইচ্ছে করে আছাড় খেতেই ভালো লাগত। এর কারণ হচ্ছে আছাড় খেয়ে জামাকাপড় নষ্ট হলে বাড়িতে এসে পুকুরে গোসল করার সুযোগ পাওয়া যেতো।

 বৃষ্টির পানিতে পুকুরে যারা গোসল করেছেন, তারা সবাই জানেন ঐ সময়ে পুকুরের পানি খুব উষ্ণ থাকে। আমাদের পুকুরে একটা কলমীর দাম ছিলো। তার পাশে একটা কলার ভেলা। ভেলায় মাথা দিয়ে শুয়ে থাকতে ভালো লাগত। তখন কখনোই ওঠার কথা মনে হত না। বৃষ্টির সাথে আমার একাকার হয়ে যাওয়াটা শৈশব কৈশোরে হয়েছিল। একটা বর্ষণমুখর দিন ঐরকমভাবে কাটানোর জন্য এখন স্বপ্ন দেখি।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই