২০ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
রোববার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান এ চার্জ গঠন করেন।
আদালতে রুমিকে চার্জ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
আগামী ১১ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
এ সময় আদালতে অনন্যা উপস্থিত ছিলেন।
আদালতের পেশকার মো. ফোরকান আলী চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে বলে আইনজীবীরা দাবি করলেও নথিপত্রে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
গত বছরের ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি। ওই দিনই ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালত পাঠানো হলেও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান বিচারক।
পরদিন ৭ শর্ত পূরণ সাপেক্ষে হলফনামা দিয়ে জামিন পান রুমি। তবে জামিনের শর্ত লঙ্ঘন করায় পুনরায় জামিন বাতিল করে কারাগারে নেওয়া হয় রুমিকে।
২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের একটি তিন বছরের পুত্র সন্তান রয়েছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





