মা শায়েস্তা খানমের কবরে সমাহিত হলেন নির্মাতা চাষী নজরুল ইসলাম। বাদ আসর নামাজে জানাজা শেষে তাঁকে বিক্রমপুরের শ্রীনগরের সমষপুর গ্রামে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় বলে জানান ছোট মেয়ে আন্নী ইসলাম।
চাষী নজরুল ইসলামের মরদেহ শ্রীনগরের সমষপুর নিয়ে যাওয়ার আগে ঢাকার বায়তুল মোকাররম ও এফডিসিতে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। এফডিসির জানাজায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বন্ধুবান্ধব, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো এফডিসিজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
সকাল সাড়ে ১০টার পর এফডিসিতে চাষী নজরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে চাষী নজরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্জাক, কবরী, সুচন্দা, ববিতা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিশা সওদাগর, আমজাদ হোসেনসহ চাষী নজরুল ইসলামের দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য অসুখে ভুগছিলেন চাষী নজরুল ইসলাম। শরীরে ক্যানসার ধরার পড়ার পর থেকেই তিনি চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার সকাল থেকে ছিলেন ‘লাইফসাপোর্টে’। দীর্ঘ রোগভোগের পর গতকাল রোববার ভোর পাঁচটা ৫১ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাষী নজরুল ইসলাম। তাঁর ছোট মেয়ে আন্নী ইসলাম জানান, গতকাল চাষী নজরুল ইসলামের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর কমলাপুরের কবি জসীম উদদীন রোডের বাসায় নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাদ জোহর গোপীবাগ জামে মসজিদে ও কমলাপুর ইডেন জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রাদার্স ইউনিয়ন মাঠেও জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে রাখা হয় ল্যাবএইড হাসপাতালের হিমঘরে।
চাষী নজরুল ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ভারতের জামশেদপুরের টাটানগরে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে প্রথম অভিনয় করেন প্রখ্যাত এই নির্মাতা। ১৯৬০ সালে ফতেহ লোহানীর সঙ্গে আসিয়া ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর কাজ করেন ওবায়েদ উল হকসহ আরও অনেকের সঙ্গে। অভিনয়ও করেন কয়েকটি ছবিতে। ১৯৭২ সালে পরিচালনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ ছবি ওরা ১১ জন। চাষী নজরুল ইসলাম সব মিলিয়ে ৩৫টির মতো ছবি নির্মাণ করেছেন।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা চাষী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব মরতুজা আহমদসহ নানা ব্যক্তি ও সংগঠন।
জেআই





