চিরবিদায় নিলেন সুস্হ–সংস্কৃতিক আন্দোলনের আরেক প্রাণপুরুষ বিশিষ্ট অভিনেতা চিত্রনায়ক, সংগঠক ও বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপ পরিচালক শেখ আবুল কাসেম মিঠুন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দিবাগত রাত আড়াইটায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শেখ মিঠুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ তরুণ কবি আফসার নিজাম। তিনি জানান, কলকাতার কুটরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা গেছেন।

মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মরহুম মিঠুন।

কবি আফসার জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিছুদিন যাবত কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ মে অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে তিনি খুলনায় যান। পর দিন থেকে অসুস্থ হয়ে পড়লে খুলনায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে গত ১৯ মে সড়কপথে নিয়ে গিয়ে কলকাতার ধর্মতলার ফাবস ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। সেখানে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা: বিবি শুকলার অধীনে তিনি চিকিৎসাধী ছিলেন।

কলকাতা থেকে সড়ক পথে বেনাপোলের পথে মরহুমের লাশ গ্রামের বাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানেই তার জানাজা হবে বলে নিশ্চিত করেন কবি আফসার।

জানা গেছে, নায়ক মিঠুন জীবনের এক পর্যায় ইসলামি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে ছবি করা ছেড়ে দেন। বিভিন্ন ইসলামিক নাটিকা ও অনুষ্ঠান উস্থাপন করতেন।

ইআর