‘আতা মাঝি সাতাকলি’ সংলাপটি শুনলেই মনে পড়ে যায় বাজিরাও সিংঘামের কথা। ২০১১ সালের ব্লকবাস্টার হিট ‘সিংঘাম’ ছবিতে দর্শক পেয়েছিল রগচটা আর নীতিবান এই পুলিশ কর্মকর্তাকে। ওটা ছিল তামিল ছবি ‘বাজিরাও সিংঘাম’-এর রিমেক। এবার ‘সিংঘাম’-এর দ্বিতীয় কিস্তি ‘সিংঘাম রিটার্নস’ তৈরি হলো মৌলিক চিত্রনাট্য নিয়ে।
যথারীতি বাজিরাও সিংঘাম চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। তবে ‘সিংঘাম’-এর খলনায়ক আর নায়িকা এবার নেই। খলনায়ক প্রকাশ রাজের পরিবর্তে এসেছেন অমল গুপ্তে। আর আগের ছবির নায়িকার নামের শুরুতে ছিল ‘কা’ অর্থাৎ কাজল আগারওয়াল। এবারের নায়িকারও নামের শুরুতে আছে কা। তিনি কারিনা কাপুর খান।
‘গোলমাল থ্রি’র (২০১০) পর আবার তারা জুটি গড়লেন। টানা মারামারির মাঝে বেবোর (কারিনার ডাকনাম) সৌন্দর্য দর্শককে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। অজয় মনে করেন, কারিনা আর প্রেম না থাকলে ‘সিংঘাম রিটার্নস’ দর্শকদের কাছে মনে হতো সনি টিভির ‘সিআইডি’! ৪৫ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটা ভারত। এখানে হাস্যরস আর প্রেম দরকার ছবিতে। কারিনার সুবাদে সেটা পেয়েছে দর্শক। তাই তারা ছবিটা উপভোগ করছে।’
কারিনা শুধু অভিনয়ই করেননি। ‘আতা মাঝি সাতাকলি’ সংলাপটি নিয়ে যে একটা আস্ত গানই হতে পারে, সে আইডিয়াটা কারিনাই দিয়েছেন পরিচালক রোহিত শেঠিকে। গানটি গেয়েছেন ‘লুঙ্গি ড্যান্স’ দিয়ে সাড়া জাগানো ইও ইও হানি সিং। তার সঙ্গে নাচারও সুযোগ পেয়েছেন অজয়-কারিনা।
১৫ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই মারকাটারি ব্যবসা করছে রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম রিটার্নস’। রমরমিয়ে চলছে বাজিরাও সিংঘামের ন্যায়যুদ্ধ। এ বছর সালমানের ‘কিক’ পাঁচ দিনে ১০০ কোটির ঘরে পা দিয়েছিলো। এবার যুক্ত হলো অজয়ের ছবিটি। ছবি মুক্তির পাঁচদিনের মাথায় এসেই ১০০ কোটির ঘরে প্রবেশ করল। এর আগে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ও হৃতিক রোশনের ‘কৃষ থ্রি’ দ্রুত ১০০ কোটির মুখ দেখেছিলো। এরপরেই আছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’, সালমান খানের ‘এক থা টাইগার’, রণবীর কাপুরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। এই তালিকায় যোগ হলো অজেয়ের ‘সিংঘাম রিটার্নস’।
মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে সবার ওপরে আছে আমিরের ‘ধুম থ্রি’। বক্স অফিসে যেভাবে সিংহের মতো গর্জন তুলেছে ছবিটি তাতে ২০০ কোটি রুপি আয় করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





