দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি টানলেও হৃত্বিক রোশান ও সুজান খানের সম্পর্ক তিক্ততায় গড়ায়নি। আর সে জন্যই হয়তো একই দালানে আলাদা আলাদাভাবে বাসা খুঁজতে দেখা গেছে সাবেক এই দম্পতিকে।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, পুরনো বাসস্থান ছেড়ে নতুন ঠিকানা খুঁজছেন হৃতিক, সুজানা দুজনই। সম্প্রতি পুনে শহরের এক দালানে অ্যাপার্টমেন্টের খোঁজে ঢুঁ মারতে দেখা গেছে দুজনকেই, তবে একসঙ্গে নয়।
সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, বিলাসবহুল এই ভবনটি রেইনফরেস্টের আদলে। তবে এখনও শেষ হয়নি এর নির্মাণকাজ। তবে হৃতিক কিংবা সুজানা আসলেও এই ভবনে অ্যাপার্টমেন্ট কিনবেন কীনা, তা এখনও নিশ্চিত নয়।
চলতি বছরের এপ্রিলে বিচ্ছেদ চেয়ে আদালতের শরণাপন্ন হওয়ার মাধ্যমে ১৭ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটান বলিউডের এই জনপ্রিয় জুটি। আইনগতভাবে এই দম্পতির দুই সন্তান রয়েছে মা সুজান খানের কাছে।
বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক-সুজান। সম্প্রতি একসঙ্গে ছেলের জন্মদিনের অনুষ্ঠান করতেও দেখা গেছে সাবেক এই দম্পতিকে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





