কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। করোনায় আক্রান্ত হয়ে তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না। অবশেষে মহামারি কবল থেকে আর ফেরা হলো না।
শুক্রবার ১৬ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ১২টা ২০মিনিটে মারা যান সবার প্রিয় ‘মিষ্টি মেয়ে’।
ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা সারাহ বেগম কবরীকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে বাদ জোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৭ এপ্রিল) সকালে কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর। এ অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।
কোভিড পরীক্ষার পর গত ৫ এপ্রিল দুপুরে জানা যায় কবরী করোনা আক্রান্ত। এরপর সেদিন রাতেই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিয়ে আসা হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এ নায়িকা।
জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতাতেও ভুগছিলেন।
১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।
জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
এএস





