মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই ব্যবস্থার কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগটি চালু করা হয়েছে।
নতুন নিয়মে যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের জন্য প্রবেশ ভিসার আবেদন করতে পারবেন। অর্থাৎ কর্মীর নিজস্ব চাকরির ভিসা প্রক্রিয়া চলার সময়ই পরিবারের সদস্যদের ভিসার আবেদনও করা যাবে।
তবে এ সুবিধা পেতে নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থার কারণে কর্মসংস্থানের ভিসা সম্পন্ন হওয়ার পর পরিবারের ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য আলাদাভাবে অপেক্ষা করতে হবে না। একই সময়ে কর্মী ও তার যোগ্য পরিবারের সদস্যদের সৌদি প্রবেশের প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।
পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে চাকরি ও পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
এস











