logo
Search

প্রবাস

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০৯ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার, ৪৪ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। দেশ থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগেও আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় ১৮ হাজার ৬৭৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ৪৮৭ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বর্তমানে সৌদি আরবে ৩০ হাজার ২৫৭ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের কাজে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান রয়েছে।

আইন লঙ্ঘনের ঘটনা জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য এলাকার বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

এস