ময়মনসিংহ: ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। একই সঙ্গে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ ১৬টি প্রবেশ পথে তালা লাগিয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালের রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তারা টিভি সাংবাদিক মুন্না, হুসাইন সাইদ, জুয়েলকে শারিরীকভাবে লাঞ্ছিত করে তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।
ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতালের ভেতরে নিহতের স্বজনদের আটকে মারপিট করেছে বলেও অভিযোগ করেছে স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ময়মনসিংহ শহরের গোলপুকুরপাড় এলাকার বাসিন্দা আয়শা খানম (৬৫) নামে এক রোগী ভুল চিকিৎসায় মারা যান।
এ অভিযোগে রোগীর ছেলে মারুফ ইন্টার্নি চিকিৎসক আব্দুল্লাহকে মারপিট করেন। এতে ওই ইন্টার্নি চিকিৎসকের আঙুল কেটে যায়।
এ খবর ইন্টার্নি চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়তেই তারা আন্দোলনে নামেন। এ সময় ক্ষুব্ধ চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ ১৬টি প্রবেশ পথে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে।
এর ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাইরে থেকে কাউকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায় জানান, ‘ওই রোগীর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে রোগীকে শয্যা দেওয়া সম্ভব হয়নি। পরে রোগীটি মারা গেলে ইন্টার্নি চিকিৎসক আব্দুল্লাহকে তার ছেলে মারপিট করে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন তুহিন জানান, ‘দু’দিন পরপর ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটাচ্ছেন রোগীর স্বজনেরা। এর ফলে বিক্ষুব্ধ চিকিৎসকরা এবার আন্দোলনে নেমেছেন। তারা মেডেকেলের ১৬টি প্রবেশপথে তালা লাগিয়ে দিয়েছেন।
নিহতের মেয়ে জামাই মতিউর রহমান পারভেজ জানান, তার শ্যালোক মারুফ ইন্টার্নি চিকিৎসককে মারেননি। তার মা যখন মারা যান, তখন চিকিৎসকদের বারবার ডাকলেন কেউ সময় মতো আসেননি। এ বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয়েছে মাত্র।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, এক ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন প্রবেশপথে তালা লাগিয়ে দিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]