পরিবর্তনের হাওয়া বয়ছে দেশের ফুটবলে। হাজমা-সমিতদের উপস্থিতিতে শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার সেই স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছে আরও এক নাম। বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার কিউবা মিচেল।

মঙ্গলবার (৩ জুন) বাফুফেকে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফলে জাতীয় দলের হয়ে তার মাঠে নামার আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না মিচেলের।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলেন কিউবা মিচেল। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার শিকড় বাংলাদেশে। সে সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

কয়েক মাস আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানায় মিচেল। এরপর বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান উদ্যোগী হয়ে কাগজপত্র তৈরির কাজ শুরু করেন। 

দেড় মাসের ব্যবধানে জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি সংগ্রহের পর অবশেষে মিলে গেছে ফিফার আনুষ্ঠানিক অনুমতিও। এখন কেবল অপেক্ষা, হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় জায়গা করে নিতে পারেন কি না কিউবা মিচেল।

উল্লেখ্য, প্রীতি ম্যাচে আজ রাতে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই মিচেলকে নিয়ে সুখবর পেয়েছে বাফুফে।

এমএম