স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়াম বা শরীর চর্চার বিকল্প নেই। শরীর রোগমুক্ত রাখতে ব্যায়াম খুবই কার্যকরী। সেই বিশেষত্বকে গুরুত্ব দিয়ে আজ পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ‘যোগ দিবস’।

আন্তর্জাতিক ভাবে দিবসটি পালনের উদ্যোগ এবারই প্রথম। স্বাস্থ্যরক্ষা ও মানসিক চাপ কাটাতে জাতিসংঘ বিশ্বব্যাপী ব্যায়ামের ধারণাকে ছড়িয়ে দিতেই দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।

আসলে শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে কে না জানে। অনেকেই নিয়মিত না হলেও সুযোগ পেলে টুকটাক যোগব্যায়াম করেও থাকেন। কেবল ব্যায়ামকে কেন্দ্র করে রাজধানী ঢাকায়ও রমনা পার্ক, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যায়াম কেন্দ্র গড়ে উঠেছে। যার নাম দেওয়া হয়েছে ‘শতায়ু অঙ্গন’।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আজ ঢাকায়ও বড় ধরনের আয়োজন করা হয়েছে।

বিকাল ৫টায় বাংলাদেশে জাতিসংঘের সিস্টেম এবং বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শাহবাগ সংলগ্ন জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আয়োজন রয়েছে আলোচনা সভা, ডকুমেন্টারি ও ডেমোনেস্ট্রেশনের।

এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ এবং জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর ও ইউএনডিপি’র রেসিডেন্ট প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস।

প্রসঙ্গত , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণদানকালে যোগব্যায়ামের উপকারিতা তুলে ধরেন। তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে যোগব্যায়ামকে বিশ্বদিবস হিসেবে ঘোষণার আহবান জানান।

তার ডাকে সাড়া দিয়ে জাতিসংঘ তিনমাস বাদেই অর্থাৎ ডিসেম্বরেই যোগব্যায়ামকে ২১ জুন বিশ্বদিবস হিসেবে ঘোষণা করে। সঙ্গে সঙ্গে ১৭৭টি দেশ তাকে স্বাগত জানায়। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা বিরাট সাফল্য। নরেন্দ্র মোদি ভারতের অন্যতম যোগগুরু বাবা রামদেবকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন।

ইআর