পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বিমানবাহিনীর দু’টি ঘাটিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের আলাদা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন আহত হয়েছেন।
রাজধানী ইসলামাবাদ থেকে ৭০০ কিলোমিটার দূরে কোয়েটার সামুনংলি বিমান ঘাটিতে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করেছে এবং গ্রেনেড হামলা করেছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারাফরাজ বুগতি। এ ছাড়া, বন্দুকধারীরা রকেট হামলায় করেছে। তবে রকেটগুলো খালি জায়গায় পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
নিরাপত্তা বাহিনীর দ্রুত পাল্টা হামলায় ৬ বন্দুকধারী নিহত হয়েছে। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য আহত হওয়ার কথা জানান হয়েছে।
এ ছাড়া কোয়েটার সেনাঘাটির কাছে অবস্থিত খালিদ বিমান ঘাটিতেও বন্দুকধারীরা হামলা করেছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ২ বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
কোয়েটার পুলিশ প্রধান মোহাম্মদ আমলিশ বলেছেন, হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে।
কেউ এখনো এ দুই হামলায় দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য অতীতে এ জাতীয় হামলার জন্য তালেবানদের দায়ী করা হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





