কয়েকদিন আগে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধানের বিতর্কিত মন্তব্যের পর এবার আরেক বিতর্কিত মন্তব্য করলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য হোজাই শিলাদত্য দেব।

স্বাধীনতা যুদ্ধের পর ভারতের বাংলাদেশ দখল করে নেয়া উচিত ছিল বলে সোমবার ওই মন্তব্য করেন তিনি।

শিলাদত্য বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিকে ‘মহাভুল’ বলে আখ্যা দিয়ে স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, এ কারণেই গত কয়েক দশক ধরে বাংলাদেশ থেকে আসামে মুসলিমরা ব্যাপকভাবে পাড়ি জমিয়েছে।

এই বিজেপি নেতার ভাষায়, ‘তৎকালীন পূর্ব-পাকিস্তান স্বাধীন করে ইন্দিরা গান্ধী একটি ভুল করেছিলেন- তৎকালীন কংগ্রেস সরকার নতুন রাষ্ট্র বাংলাদেশকে ভারতের অংশ করে নেয়নি। বাংলাদেশকে ভারতের অংশ করে নেয়ার মাধ্যমে সেই ভুল সংশোধন করা যেতো।’

পরে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ ব্যাপারে জানতে চাইলে নিজের অবস্থানে বহাল থাকেন শিলাদত্য। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি না হলে আসামে মুসলিম জনসংখ্যা এতো বাড়তো না।

এর আগে ভারতীয় সেনাপ্রধান মন্তব্য করেন, পাকিস্তান ও চীন পরিকল্পিকভাবে বাংলাদেশ থেকে ‍মুসলিমদের আসামে ঢুকাচ্ছে। তার ওই মন্তব্য তখন বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলোতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।