মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের অবসানে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার (২০ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাতিসঙ্ঘের শান্তিরা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্যে পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তা না করা হলে ‘এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে’, বলে সতর্ক করেছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনীর চলমান অভিযানে গত প্রায় এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

মিয়ানমার গণহত্যা চালাচ্ছে: ম্যাক্রোঁ

এ দিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে পালাচ্ছে। গত রাতে একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এফপি টুইটার এই খবর জানিয়েছে।

নিউ ইয়র্কে ফরাসি টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চলছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সহযোগীদের নিয়ে ফ্রান্স উদ্যোগ নেবে যেন চলমান এই গণহত্যা ও জাতিগত নিধনের বিষয়ে জাতিসঙ্ঘ নিন্দা করে এবং আমরা যেন কার্যকর পদপে নিতে পারি।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত কিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসঙ্ঘ সামরিক বাহিনীর এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে।

এমবি