মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সালের তুলনায় ভারতের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে। আমি এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করেছি,খবর এনডিটিভি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সপ্তাহব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র সফর সেরে নয়াদিল্লির পালম বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী মোদি। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪ তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য মার্কিন মুলুকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিমানবন্দরে পৌঁছানোর পরই দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি, এই বিপুল সংখ্যক মানুষজন যে তাঁকে স্বাগত জানাতে এসেছেন এই নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিশ্বের মঞ্চে দেশের প্রশংসার সুযোগ করে দেওয়ার জন্যও জনগণকে ধন্যবাদ জানান তিনি।

নরেন্দ্র মোদি বলেন,“২০১৪ সালের নির্বাচনে জয়লাভের পরে আমি ইউএনজিএ-তে গিয়েছিলাম। ২০১২ সালেও আমি সেখানে গিয়েছিলাম। তবে এবার আমি ভারতের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করেছি। ভারতের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির এই কৃতিত্ব ১৩০ কোটি ভারতীয়র।”

তিনি দেশের গৌরব অর্জনে সেনাবাহিনীর অবদানের প্রশংসাও করেন। “তিন বছর আগে ২৮ সেপ্টেম্বর রাতে আমার দেশের সাহসী সৈন্যরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ভারতের গর্বকে বাড়িয়ে তুলেছিল। সেই রাতের কথা স্মরণ করে আমি আমাদের সাহসী সৈন্যদের সাহসের প্রতি সেলাম জানাই,”বলেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে মোদির এক সমর্থক বলেন, “নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী পেয়ে আমরা গর্বিত। সে কারণেই আমরা তাঁর ভারতে ফিরে আসায় স্বাগত জানাতে কোনও কিছু বাদ রাখিনি।”‘ভারত মাতা কি জয়' স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর।

এমবি