সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, হুথিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই প্রদেশে ২৩ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সূত্রের দাবি, সৌদি বিমান হামলা এবং ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে তাদের ৪০ যোদ্ধা নিহত হয়েছেন।
গত আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সৌদি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি হুথিরা বাব এল-মান্দেব প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সৌদি আরবের জ্বালানি পরিবহণের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত সৌদি বিমানবাহিনী ইয়েমেনে ১৩০টির বেশি অভিযান পরিচালনা করেছে।
এরই মধ্যে গত বুধবার হুথিদের হামলায় সৌদি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এই মুহূর্তে সৌদি আরবকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।
সূত্র: এএফপি
এস





