ভারতের পশ্চিমাঞ্চলে শুধুমাত্র পুরুষের প্রবেশাধিকার সংরক্ষিত একটি মন্দিরে শত শত নারী ঢুকতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। বিবিসি জানিয়েছে, নারীর প্রতি বৈষম্য রোধেই ওই মন্দিরটিতে প্রবেশের পূর্ব ঘোষণা দিয়েছিল ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামের একটি গোষ্ঠী।

আন্দোলনকারীরা মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শনি শিঙ্গনাপুর মন্দিরে প্রথা ভেঙে প্রবেশের জন্য যেতে চাইলে তাদের ৪৩ মাইল দূরেই আটকে দেয়া হয়। গোষ্ঠীটি মন্দিরের মূল চত্বরে নারীদের প্রবেশ করতে না দেওয়ার যে বৈষম্যমূলক প্রথা তার অবসান চায়।

প্রতিবেদকেরা জানিয়েছেন, ওই অঞ্চলে ৬’শ পুলিশ মোতায়েন করা হয়েছে। গোষ্ঠীটি হেলিকপ্টার ভাড়া করতে চাইলে তাদের অনুমতি দেয়া হয়নি। ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেডের প্রেসিডেন্ট ত্রুপ্তি দেশাই গণমাধ্যমকে বলেছিলেন, প্রজাতন্ত্র দিবসেই আমরা এই অরুচিকর প্রথা ভাঙতে বদ্ধপরিকর।

অবশ্য মন্দিরের পুরোহিত-সেবকরাসহ স্থানীয় অধিবাসীরাও রণরঙ্গিনী ব্রিগেডের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। তারা মানববন্ধন তৈরি করে মন্দিরে কোনো নারীর প্রবেশ প্রতিরোধের ঘোষণা দেন।

ভূমাতা রণরঙ্গিণী ব্রিগেডের এই কর্মসূচিতে হাজারেরও বেশি নারী অংশ নিয়েছেন বলে ভারতীয় কোনো কোনো সংবাদমাধ্যম দাবি করেছে। অধিকাংশ আন্দোলনকারী নারীই পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশে যাত্রার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তবে বিপুল সংখ্যক পুলিশ তাদের মন্দির থেকে বেশ অনেক দূরেই সুপা নামক স্থানে আটকে দেয়। আন্দোলনকারী নারীরা ঘোষণা দিয়েছেন, মন্দিরে ঢুকতে দেয়ার আগ পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না।

সামজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ নারীদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। (বিবিসি)

এআই