ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভূপাতিত ও কয়েকটি গানবোট ডুবে গেছে। সৌদি আরবের বর্বর হামলার প্রতিশোধে ইয়েমেনের সেনারা হামলা চালালে এসব বিপর্যয়ের মুখে পড়ে সৌদি সেনারা। খবর: রেডিও তেহরান।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা নিউজকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সা’দা প্রদেশে আর্মি ব্রিগেড একটি সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করেছে তবে পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায় নি।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ভূপাতিত করা হয়। ভূপাতিত হওয়ার আগে বিমানটি সাদা প্রদেশের আবাসিক এলাকায় বোমা হামলা চালাচ্ছিল।

এদিকে, ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের তিনটি গানবোটও ধ্বংস করেছে। তায়িজ প্রদেশের আল-মোখা বন্দরের কাছে এসব গানবোট ধ্বংস করা হয়।

এছাড়া, দুটি বোট আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মোখা বন্দরের কাছে আল-মুখাতাম এলাকা থেকে সৌদি গানবোটের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি আরবের আল-মাখরুক সেনাঘাঁটিতে হুতি সমর্থিত সেনাদের রকেট হামলায় চার সেনা নিহত হয়েছে।

এর মধ্যে একজন সৌদি আরবের ও তিনজন কাতারের সেনা। এর আগে সৌদি আরবের বিমান হামলায় অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে।

এমকে