গত সপ্তাহে ভারতের বিহারে সব ধরণের মদ বিক্রি নিষিদ্ধ করার পর মদের অভাবে দুই নিয়মিত মদসেবী মারা গেছে।

বৃহস্পতি ও শুক্রবার বার পাটনা ও কাঠিয়ারে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

পত্রিকাটি জানায়, গত ৫ এপ্রিল পূর্ব চামপারান জেলার কুন্ডাওয়া-চেইনপুর থানায় কর্মরত পুলিশের সহকারী পরিদর্শক রঘুনন্দন বাসরা ঢাকার সাব ডিভিশন আদালতে গিয়েছিলেন। সেখানে তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. আর কে ঝা জানিয়েছেন, বাসরা নিয়মিত মদসেবী ছিলেন। হঠাৎ মদ পান বন্ধ করে দেওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছিল।

এদিকে কাঠিয়ারে ৪০ বছরের এক নিয়মিত মদ্যপায়ী শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, যেদিন রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়, ওই দিনই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন।

জানা গেছে, বিহারে মদ না পেয়ে শতশত লোক অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

মদ না পেয়ে আক্রান্ত অনেকের শরীরে কাঁপুনি দেখা দিয়েছে। এমনকি অনেকে তাদের পরিবারের সদস্যদেরকেও চিনতে পারছেন না। একজন আবার বাসায় ফিরে সাবান চিবিয়ে খেয়ে ফেলেছেন।

বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে ৩৮টি মাদকসেবী নিরাময় কেন্দ্রে কমপক্ষে ৭৪৯ জন মদসেবনকারীকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিহারের রাজ্য স্বাস্থ্য পরিষদ।

এম আর