জম্মু ও কাশ্মির সম্পর্কিত সব আবেদনের ভিত্তিতে করা মামলা এক দিনের জন্যে পিছিয়ে দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। সরকার ৩৭০ অনুচ্ছেদের অধীনে ওই রাজ্য থেকে বিশেষ মর্যাদা বাতিল করার পরে সেখানে নিরাপত্তা নিষেধাজ্ঞাগুলো কার্যকর রয়েছে।
এই পদক্ষেপের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয়, যার শুনানি হওয়ার কথা ছিল গতকাল সোমবার; কিন্তু এক দিনের জন্য সেই মামলা স্থগিত করে দিলেন সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকে ওই মামলার শুনানি হবে।
ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, অযোধ্যা মামলার প্রতিদিন শুনানির কারণে সোমবার সাংবিধানিক বেঞ্চের কাছে এই মামলার জন্য সময় নেই, কাশ্মির মামলার জন্য গঠিত সাংবিধানিক বেঞ্চ সরকারের ‘বিশেষ মর্যাদা সমাপ্ত করার’ সিদ্ধান্তের বৈধতাসহ ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে সব বিষয়’-এর শুনানি পরিচালনা করা হবে।
সোমবার সুপ্রিম কোর্ট বলেন, ‘আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই। আমাদের কাছে সংবিধান বেঞ্চ মামলা (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে।’ বিচারপতি এন ভি রমনার নেতৃত্বে পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ আজ থেকে কাশ্মির-সংক্রান্ত সব মামলার শুনানি করবেন।
সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলো গ্রহণ করবেন তার মধ্যে রয়েছে কাশ্মিরে সাংবাদিকদের চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকের করে রাখারা বিরুদ্ধে আবেদনও।
এর আগে রাজ্যসভার এমপি ভাইকোর ফারুক আবদুল্লাহকে আদালতে হাজির করার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেন; কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে জানান, জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রীকে আটক রাখার বিষয়টি জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনেই চ্যালেঞ্জ জানানো উচিত।
জম্মু ও কাশ্মিরে নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধ আরোপের সময় ৫ আগস্ট থেকে কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক করা হয় ফারুক আবদুল্লাহকে। গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্র জানায় তাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে যে আইন অনুসারে, প্রয়োজনে ফারুক আবদুল্লাহকে দুই বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারে সরকার।
প্রধান বিচারপতি ও কাশ্মিরের মামলার শুনানি করা অন্য দুইজন বিচারক সবাই সোমবার অযোধ্যা বেঞ্চে রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট মন্দির-মসজিদ বিরোধের শুনানি শেষ করতে ১৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা ধার্য করেন।
কেননা ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেয়ার আগে অযোধ্যা রায় প্রদান করতে হবে, নতুবা পুরো প্রক্রিয়াটি আবার গোড়া থেকে শুরু করতে হবে। সূত্র : এনডিটিভি।





