বিধি ভেঙে সভা করার দায়ে অভিযুক্ত হলেন বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের লখনউতে এই সভা করেন তিনি।
কার্যত প্রশাসন এবং নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে বেআইনিভাবে সভা করার দায়ে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। নির্বাচন কমিশন দ্রুত জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় এই ঘটনায়। জেলা প্রশাসন বিনা অনুমতিতে হওয়া এই সভার ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে।
বিতর্কিত ওই র্যালিতে উপস্থিত থাকার দায়ে বিজেপির এক ঝাঁক নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিজেপি এমপি যোগী আদিত্যনাথ ছাড়াও লালজি ট্যান্ডন, জগদম্বিকা পাল, লাল্লু সিংহ, প্রদেশ বিজেপি সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ী প্রমুখের বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙা এবং নির্বাচন কমিশনের ‘আদর্শ আচরণ বিধি’ লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে।
বলাবাহুল্য, বুধবার সন্ধ্যায় লখনৌতে সভা করার কথা ছিল বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথের। কিন্তু জেলা প্রশাসন এই সভার অনুমতি দেয় নি। যদিও যোগী আদিত্যনাথ সদলবলে ওই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
তিনি এই সময় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন- সরকার সাম্প্রদায়িক এজেন্ডাকে উৎসাহ দিচ্ছে। গত আড়াই বছরে এখানে ৪৫০টি দাঙ্গা হয়েছে বলেও তার দাবি।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শনিবার উত্তর প্রদেশে ১২টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





