মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২১ সাল নাগাদ পাঠানো হবে মানবহীন এই মহাকাশযান। বুধবার এ খবর জানিয়েছে আলজাজিরা।

বুধবার দেশটির সরকার এক বিবৃতিতে এ খবর জানায়। মঙ্গলে মহাকাশযান পাঠানোর উদ্দেশে একটি মহাকাশ গবেষণা সংস্থা গড়ে তোলা হবে বলেও জানানো হয়েছে।

মহাকাশ গবেষণা সংস্থা গড়তে ইতিমধ্যে ৫৪৪ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করেছে আরব আমিরাত। গড়ে তোলা এই গবেষণা সংস্থাই ২০২১ সাল নাগাদ মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর সব কাজ করবে।

আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল-মাখতুম এ ব্যাপারে বলেন, "মঙ্গল গ্রহে পৌঁছানোর মতো মহাকাব্যিক চ্যালেঞ্জ নিতে আমরা পছন্দ করি। কেননা, মহাকাব্যিক এসব চ্যালেঞ্জ আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে।"

আরব বিশ্বের উন্নত এ দেশটির রয়েছে 'আল-ইয়াহ স্যাটেলাইট কমিউনিকেশন্স' নামের একটি তথ্য আদান-প্রদান ও টেলিভিশন সম্প্রচারের স্যাটেলাইট। এ ছাড়াও রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল যোগাযোগ প্রযুক্তির প্রতিষ্ঠান 'থুরাইয়া স্যাটেলাইট টেলিকমিউনিকেশন্স'। তাছাড়া 'দুবাই স্যাট' রয়েছে আরেকটি স্যাটেলাইট যা পৃথিবীকে পর্যবেক্ষণ করে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে শুরু হবে আরব এ দেশটির মঙ্গলযাত্রা। নয় মাস সময় লাগবে মঙ্গলে পৌঁছাতে। আরব আমিরাতই হতে যাচ্ছে প্রথম মঙ্গল অভিযানে যাওয়া আরব দেশ। এ ছাড়া বিশ্বের মধ্যে মঙ্গলযাত্রায় আমিরাতের অবস্থান হবে নবম। সূত্র: আলজাজিরা

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএমএ