সৌদিআরবে গাঁজা চোরাচালানে জড়িত থাকার কারণে ৪ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে গত ২ সপ্তাহে ১৭ জনের শিরশ্ছেদ করা হলো।
সোমবার সরকার নিয়ন্ত্রিত এসপিএ নিউজ জানিয়েছে, ৪ জনের মধ্যে দু’জন করে সহোদর ভাই রয়েছেন।
তারা হলেন- যথাক্রমে হাদি ও আওয়াদ আল মতলেক এবং মুফাররাজ ও আলি আল ইয়ামি। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে তাদের তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জানা যায়, তারা বিপুল পরিমাণ গাঁজা (হাশিস) অবৈধভাবে সৌদিতে নিয়ে এসেছিলেন।
তবে ঠিক কবে কখন তাদের মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে এ ব্যাপারে সৌদি সরকার পরিষ্কার করে কিছু বলেনি।
চলতি বছরে এখন পর্যন্ত সৌদিতে বিভিন্ন অপরাধে ৩২ জনের শিরশ্ছেদ করা হলো।
এদিকে, সৌদি আরবে এভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে আবারো উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর মাত্র ৮ মাসে এতোজন মানুষের শিরশ্ছেদ করার ঘটনাকে তারা মৃত্যুদণ্ডের ‘উদ্বেগজনক সংখ্যাধিক্য’বলে উল্লেখ করেছে।
শিরশ্ছেদ করাকে একটা নিষ্ঠুর সংস্কৃতি উল্লেখ করে তারা মৃত্যুদণ্ডের বিধান রহিত করার দাবি জানিয়েছে। তারা জানিয়েছে, সর্বশেষ যে ৪ জনের মৃত্যুদণ্ডের কথা সৌদি সরকার জানালো তাতে গত ২ সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়ালো ১৭ তে।
তার মানে প্রতিদিন একজনেরও বেশি মানুষের শিরশ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর সৌদি আরবে ৭৮ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনও উদ্বেগ প্রকাশ করেছে।
সৌদি আরবের ইসলামি শরিয়া আইন অনুযায়ী, ধর্ষণ, হত্যা, ধর্মান্তর, সশস্ত্র ডাকাতি এবং মাদক চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড। আর এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রকাশ্যে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





