গত এক সপ্তাহে উত্তরপূর্ব চীন সীমান্তের কাছে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার ও বিদ্রোহী গ্রুপের মুখপাত্র এ দাবি করেছে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ লেগেই আছে। মাঝে মাঝে দেশটির সরকার যুদ্ধবিরতি ঘোষণা করলেও হঠাৎ করেই সহিংসতা বেধে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজে মিয়ানমারের তথ্য মন্ত্রনালয় জানিয়েছে, উত্তরের শান ও কাচিন রাজ্যে সংঘর্ষে ৯ সেনা ও ১১ বিদ্রোহী নিহত হয়েছে।

১১টি জাতিগত বিদ্রোহী গ্রুপের প্রতিনিধি দ্যা ইউনাইটেড ন্যাশনালিটিস ফেডারেল কাউন্সিল (ইউএনএফসি) দুটি রাজ্যেই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, সংঘর্ষে ৩০ জন সরকারি সেনা ও চার বিদ্রোহী  সেনা নিহত হয়েছে।

জেআই