বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক প্রাদুর্ভাবের পর বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ জারি করেছে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানায়, একটি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েক বছরে ইউরোপজুড়ে বার্ড ফ্লুর কারণে কোটি কোটি পাখি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ শৃঙ্খলা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি খাদ্যের দাম বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও দেখা দিয়েছে।
ফ্রান্সও সম্প্রতি বেলজিয়ামের মতোই পোলট্রি ঘরে রাখার নির্দেশনা জারি করেছে।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) জানায়, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় ডিকসমুইডে একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কি মারা যায়, আর সংক্রমণ ঠেকাতে অতিরিক্ত ৬৭ হাজারের বেশি পাখি নিধন করা হয়।
সংস্থার তথ্যমতে, স্লোভাকিয়াতেও নতুন করে এক খামারে ভাইরাসটি শনাক্ত হয়েছে, যা ইউরোপজুড়ে এর দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
এছাড়া নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলের একটি খামারে সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএইচ