খাতা আর পেন্সিল কেনার টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে ১৪ বছরের এক কিশোরী। গত বুধবার ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যা প্রদেশের আসকা শহরে। খবর গালফ নিউজের।
ক্লাস সেভেনের ছাত্রী জয়ন্তী গত ২৩ জুন থেকে তার নতুন ক্লাস শুরু করে। নতুন ক্লাসের জন্য তার খাতা, কলম ও টুকিটাকি কিছু কেনার প্রয়োজন ছিল। বুধবার স্কুল থেকে ফিরে এগুলো কেনার জন্য বাবা-মায়ের কাছে কিছু টাকা চায় কিন্তু গরীব পরিবার চাওয়া মাত্রই মেয়েকে পেন্সিল কেনার টাকা দিতে পারেনি। তার কয়েক দিন পর টাকা দেয়ার কথা জানায়। আর এতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় সে। রান্নাঘরে ঢুকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। এ সময় বাড়িতে সে একাই ছিল। পরে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শরীরের ৫০ ভাগ পুড়ে গিয়েছিল। ফলে চিকিৎসকদের পক্ষে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, জয়ন্তির বাবা বিজয় নায়েক একজন দিনমজুর। কিন্তু সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি আর আয় রোজগার করতে পারছেন না। বাসা বাড়িতে কাজ করে কোনরকমে সংসার চালাচ্ছেন তার মা ঈশ্বরী। জয়ন্তি ছাড়াও তাদের আরো তিনটি ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। সূত্র: গালফ নিউজ
ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





