দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচনে দেশটির ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সমর্থন নিশ্চিত করার মতো স্পষ্ট সমীকরণ এখনো তৈরি হয়নি কোনো পক্ষেরই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, বিরোধীরা নির্বাচনে এমন একটি স্পষ্ট ও তাৎক্ষণিক জয় চেয়েছিল, যার পর নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া যায়। নির্বাচনের ফল তেমন না হলেও কয়েকটি দিক থেকে বিরোধী জোট জয়ী হয়েছে।

লাপিদের দাবি, নেতানিয়াহুর পাওয়া ৫৩টি আসন তাঁর জন্য বড় রাজনৈতিক ধাক্কা। এর মধ্যে সাতটি আসন পেয়েছে ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং ছয়টি পেয়েছে শাস পার্টি। তাঁর ভাষ্য অনুযায়ী, দল দুটি নিজেদের জায়নবাদবিরোধী হিসেবে বিবেচনা করে। এই দুই দলের আসন বাদ দিলে নেতানিয়াহুর হাতে থাকে ৪০টি আসন।

লাপিদ বলেন, নেতানিয়াহু যা-ই করুন না কেন, সরকার গঠনের মতো সমর্থন তাঁর নেই। বিরোধী জোটের জয়কে নকআউট জয় না বলে পয়েন্টের ব্যবধানে জয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জয় তো জয়ই।

সরকার গঠনের আলোচনা চলছে নীরবে

নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। সরকার গঠনের জন্য জোটটি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন লাপিদ। তবে প্রক্রিয়াটি কঠিন এবং শেষ পর্যন্ত সফল হবে কি না, তা নিশ্চিত নয় বলেও স্বীকার করেছেন তিনি।

ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে লাপিদ বলেন, সরকার গঠনের আলোচনা নির্বাচনি প্রচারণার মতো নয়। এ প্রক্রিয়া ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, মানুষ অনিশ্চয়তা পছন্দ করে না, তা তিনি জানেন। তবে কৌশলগতভাবে ও নীরবে কাজ করার পরিবর্তে শুধু সংবাদ শিরোনাম বা তথ্য ফাঁসের দিকে মনোযোগ দিলে এক মাস পর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

লাপিদের ভাষ্য, বর্তমানে প্রকাশ্যে নীরবতা থাকলেও এর আড়ালে সরকার গঠনের আলোচনা চলছে।

সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও জটিল সমীকরণে বিরোধীরা

নেতানিয়াহুবিরোধী দলগুলোর সম্মিলিত ৬৭টি আসন থাকলেও সরকার গঠনের সমীকরণ জটিল। ইহুদি-নেতৃত্বাধীন চারটি দলের মধ্যে ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট এবং রা’আমের সঙ্গে জোট সরকারে না বসার অবস্থান জানিয়েছে। ফলে সম্মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিরোধী দলগুলোর সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হয়েছে। তবে জোটের অন্য দলগুলোর আসন মিলিয়েও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সমর্থন নিশ্চিত করতে পারেনি তারা।

সব মিলিয়ে, নির্বাচনে আসনসংখ্যার হিসাবে বিরোধী দলগুলো এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমঝোতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এস