সাংবাদিকের পেশাগত কাজে বাধা দেয়ার অভিযোগে চাকরিচ্যুত হলেন মিজৌরি ইউনিভার্সিটির কম্যুনিকেশন বিভাগের অধ্যাপিকা ড. মেলিসা ক্লিক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
স্বাধীন সাংবাদিকতা এবং প্রতিবাদের ভাষা সংকুচিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কর্মসূচি পালনের ছবি তুলতে বাধা দেন এই অধ্যাপিকা। সে সময় তিনি ঐ ফটো-সাংবাদিকের উদ্দেশ্যে মাস্তানিসূলভ মন্তব্যও করেছিলেন। তার এ স্বৈরাচারি আচরণের দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কলম্বিয়া ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের শিক্ষকের এহেন কাণ্ড নিয়ে সারা আমেরিকায় তুমুল সমালোচনা হয়েছিল। সে সময় আরো উদঘাটিত হয় যে, এর আগে গত অক্টোবর মাসেও ঐ অধ্যাপিকা কর্তব্যরত পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন।
সামগ্রিক পরিস্থিতির আলোকে ইউনিভার্সিটির গভর্নিং বডি, বোর্ড অব কিউরেটর্স অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করে। গত মাসে তাকে সাসপেন্ড করা হয়েছিল। অবশেষে বোর্ডের সদস্যগণের ভোটে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে।
এক বিবৃতিতে বোর্ড চেয়ারওম্যান প্যাম হেনরিক্সন বলেছেন, ড. ক্লিকের আচরণ কোনভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম-রীতির পরিপূরক নয়। এ ধরনের আচরণ কখনোই ইউনিভার্সিটির কোন ফ্যাকাল্টি মেম্বারের কাছে প্রত্যাশিত হতে পারে না। গত নভেম্বরে বিক্ষোভরতদের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিদের সাথে তিনি যে আচরণ করেছেন তা সভ্যতার পরিপন্থি এবং শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ কখনোই ঘটতে পারে না।
এসটি





