পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবশেষে তাপদাহের মাত্রা কমে এসেছে। এরপরও বৃহস্পতিবার হিটস্ট্রোকে ১০৫ জনের মৃত্যু হয়েছে। খবর ডননিউজের।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত সিন্ধু প্রদেশে মৃতের সংখ্যা এক হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার করাচিতে ৯০ জন ও সিন্ধুর অন্যান্য জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
প্রদেশটিতে বাতাসের প্রবাহ বেড়ে গেছে এবং আকাশে মেঘ বিরাজ করছে। তাপদাহের মাত্রা কমে আসায় হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে গেছে।
জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের যুগ্ম নির্বাহী পরিচালক ডা. সেমিন জামালি বলেন, হিটস্ট্রোকের কারণে ভর্তি হওয়া রোগীর পরিমাণ প্রতিদিনের তুলনায় অর্ধেক কমে এসেছে।
করাচির সিভিল হাসপাতাল ও আব্বাসী শহীদ হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে আগের দিনগুলোর তুলনায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে এসেছে।
সিন্ধু প্রদেশে গত শনিবার থেকে শুরু হওয়া তাপদাহে করাচিতে এ পর্যন্ত এক হাজার ৪০ ও অন্যান্য জেলায় ৭৬ জন মৃত্যুবরণ করেছে।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাপদাহের কারণে প্রদেশের অন্তত ৪২ হাজার লোক শারীরিক অসুস্থতায় ভুগছে।
জেআই





